‘অন্নপূর্ণা’য় ভূত! ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তি, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং সংখ্যালঘু স্কলারশিপ-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে ভুয়ো উপভোক্তার অভিযোগ খতিয়ে দেখতে আরও কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে তিনি জানান, নথি যাচাইয়ের মাধ্যমে জাল সুবিধাভোগীদের শনাক্ত করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাই করতে গিয়ে মুর্শিদাবাদ জেলায় অন্তত ৬০০টি ভুয়ো নামের সন্ধান মিলেছে। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে একাধিক প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছিল।
তিনি জানান, বর্তমানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ, কেওয়াইসি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়াতেই অনেক ভুয়ো আবেদনকারী চিহ্নিত হচ্ছেন বলে দাবি তাঁর।
মুখ্যমন্ত্রী আরও বলেন, গোটা যাচাই প্রক্রিয়া শেষ করতে প্রায় দু’মাস সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে প্রকৃত ও ভুয়ো উপভোক্তাদের আলাদা করা হবে। যাঁদের বিরুদ্ধে জাল নথি বা বেআইনিভাবে সরকারি সুবিধা নেওয়ার প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে।
অন্নপূর্ণা যোজনার সুবিধা স্বচ্ছভাবে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
