র‍্যাপার থেকে খুনে গ্যাংস্টার! গুরুগ্রাম এনকাউন্টারে খতম সেই দীপক নান্দালের দলের ৪ দুষ্কৃতী

Jul 10, 2026 - 17:27
 0  0

গুরুগ্রামে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে চার অভিযুক্ত দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের দাবি, নিহত ও আহতরা বিদেশে পলাতক দীপক নান্দাল পরিচালিত গ্যাংয়ের সদস্য। এই ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে ব্রিটেনে বসে ভারতে অপরাধচক্র চালানোর অভিযোগে ‘মোস্ট ওয়ান্টেড’ দীপক নান্দালের নাম।

হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে দাবি, একাধিক গুরুতর অপরাধে নাম জড়ানোর পর দেশ ছেড়ে পালান দীপক। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, গুলি চালানো, খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের একাধিক মামলা রয়েছে।

অপরাধজগতে প্রবেশের আগে হরিয়ানার সঙ্গীতমহলে পরিচিত মুখ ছিলেন দীপক। প্রযোজনার পাশাপাশি র‌্যাপার হিসেবেও কাজ করতেন তিনি। জনপ্রিয় গায়ক রাহুল ফাজিলপুরিয়া এবং র‌্যাপার বাদশার সঙ্গে ‘হরিয়ানা রোডওয়েজ’, ‘টু মেনি গার্লস’ ও ‘কার গয়ি চুল’-সহ কয়েকটি গানে কাজ করেছিলেন বলে জানা যায়।

একসময় ফাজিলপুরিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠলেও পরে তাঁদের সম্পর্কে অবনতি ঘটে। ফাজিলপুরিয়ার উপর হামলার ঘটনায় দীপকের নাম জড়ায়। যদিও তাঁর দাবি ছিল, ফাজিলপুরিয়া তাঁর কাছ থেকে নেওয়া পাঁচ কোটি টাকা ফেরত দেননি। ২০২৫ সালের আগস্টে ফাজিলপুরিয়ার হিসাবরক্ষককে হত্যার ঘটনাতেও দীপকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সম্প্রতি সুফি গায়ক বিসমিলও দাবি করেন, দীপকের গ্যাং তাঁর কাছে পাঁচ কোটি টাকা চেয়েছিল এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে দীপক প্রথমে দুবাই এবং পরে ব্রিটেনে পালিয়ে যান। তবে বিদেশে বসেই তিনি ভারতে নিজের গ্যাং পরিচালনা করছিলেন বলে অভিযোগ। গত কয়েক মাসে তাঁর দলের একাধিক সদস্যকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ-২ এলাকায় একটি স্করপিও গাড়িতে কয়েকজন সন্দেহভাজনের ঘোরাফেরার খবর পায় পুলিশ। অপরাধ দমন শাখার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের দাবি, ওই দুষ্কৃতীরা স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। তার আগে ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে বলে দাবি। এরপর পুলিশের পালটা গুলিতে পাঁচজন আহত হয়। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

অভিযানে তিন পুলিশকর্মীও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত এবং আহত অভিযুক্তদের পরিচয় যাচাইয়ের পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পুলিশি দাবিগুলিও বিচারিক ও ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0