আইনের শাসন কী, এখন মানুষ বুঝতে পারছে: দিলীপ

Jul 10, 2026 - 19:28
 0  1
আইনের শাসন কী, এখন মানুষ বুঝতে পারছে: দিলীপ

রাজ্যে আইনের শাসন এখন দৃশ্যমান এবং আগামী দিনেও মানুষ তার প্রমাণ দেখতে পাবেন বলে মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত, কৃষি বিপণন ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকার অপরাধ দমনে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন করেছে। তাঁর দাবি, অপরাধের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকার কথার সঙ্গে কাজের মিল রেখেছে।

বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে যাঁরা ধর্ষণের ঘটনার প্রতিবাদ করেছিলেন, তাঁরাই এখন দুষ্কৃতীদের মৃত্যুর প্রতিবাদ করছেন। তিনি আরও জানান, শুধু বারুইপুর নয়, অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত ধর্ষণের ঘটনাগুলিরও যথাযথ তদন্ত ও বিচার হবে।

দূষণ নিয়ন্ত্রণ প্রসঙ্গেও কড়া বার্তা দেন দিলীপ ঘোষ। তিনি জানান, পরিবেশ দূষণ রোধে ইতিমধ্যেই একাধিক সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর দূষণমুক্ত ভারতের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে দূষণ সংক্রান্ত শংসাপত্র সংগ্রহ করতে হবে। ধাপে ধাপে এই ব্যবস্থা সর্বত্র কার্যকর করা হবে বলেও তিনি জানান।

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি নিয়েও সমালোচনা করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষের জন্য পরিষেবা নিশ্চিত করতে হবে, আর যদি তা সম্ভব না হয়, তবে তাঁদের পদত্যাগ করা উচিত।

এদিন পুরশুড়ায় হুগলি চেম্বার অব কমার্সের একটি সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় আরামবাগে রাইস মিল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন দিলীপ ঘোষ। পাশাপাশি, আরামবাগের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0