বাংলার পড়ুয়াদের জন্য জাতীয়তাবাদের পাঠ, ১৪ জুলাই মিছিলের ডাক এবিভিপি-র

Jul 12, 2026 - 19:03
 0  1
বাংলার পড়ুয়াদের জন্য জাতীয়তাবাদের পাঠ, ১৪ জুলাই মিছিলের ডাক এবিভিপি-র

রাজ্যে পালাবদলের পর নিজেদের সংগঠন আরও মজবুত করতে চাইছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আরও একটি কর্মসূচির কথা ঘোষণা করল বিজেপি-র ছাত্র সংগঠন। এ বার বাংলার পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের প্রসারে মিছিলের ডাক দিয়েছে তারা।

রবিবার একটি সাংবাদিক বৈঠকে এবিভিপি নেতৃত্ব জানিয়েছে, রাজ্যের পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে তুলতে আগামী ১৪ ই জুলাই একটি মিছিলের আয়োজন করা হবে। এবিভিপি-র সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সদস্য শুভব্রত অধিকারী এ দিন বলেন, " শ্যামবাজার থেকে দুপুর ১টার সময় এই বিশাল মিছিলের আয়োজন করা হবে। মূল মিছিল হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে কলেজস্ট্রিট পর্যন্ত হবে। প্রায় এক হাজার বাইক নিয়ে মিছিল করা হবে। তিন দিক থেকে মিছিলে কলেজ স্ট্রিট পর্যন্ত যাবে। প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে এক সপ্তাহব্যাপী যে বিভিন্ন কার্যক্রম চলছে তারই বর্ণাঢ্য শোভাযাত্রা হবে বাইক মিছিলে।" অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রদেশ মিডিয়ার ইনচার্জ অনন্ত বড়াই জানিয়েছেন, সংগঠন মজবুত করতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে।

জানা গিয়েছে, ওই একই দিনে বাইক মিছিলের শেষে মহাসমাবেশেরও আয়োজন করা হবে এবিভিপি-র তরফে। ওই সমাবেশে প্রায় একশো সাতটি কলেজের দশ হাজারের বেশি পড়ুয়াকে সমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবিভিপি। পাশাপাশি, সমাবেশে যোগ দিতে কলকাতায় আসবেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিং সোলাঙ্কিও।

এবিভিপির রাজ্য সম্পাদক নীলকন্ঠ ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিষ্ঠাদিবস ৯ই জুলাই থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য গ্রহণ শুরু হয়েছে। সেদিন থেকে প্রায় ৪৪ হাজার জনের কাছাকাছি এবিভিপির সদস্যপদ গ্রহণ করেছে। পড়ুয়ারা কলেজ ক্যাম্পাসের মধ্যে ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে এসে রাষ্ট্রবাদের সঙ্গে, জাতীয়তাবাদীদের সঙ্গে এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হতে চাইছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি পরিণত হয়েছে। 

অন্যদিকে, রাজনৈতিক পালা বদলের পর এবিভিপির সদস্য বাড়ছে এমনটাই জানিয়েছেন শুভব্রত অধিকারী। গত বছরে যেখানে প্রায় ৭৪ হাজারের কাছাকাছি এবিভিপি-র সদস্য ছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পর তা বেড়ে তা চার গুণ বেড়েছে। 

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিজেদের সংগঠন আরও শক্তিশালী করতে সদস্যপদ বাড়ানোর জন্য বিশেষ অভিযান শুরু করেছে এবিভিপি। বৃহস্পতিবার, ৯ জুলাই ছিল সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস। ওই দিন রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির সূচনা করা হয়।

 

ওই দিন প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ শহরের একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে। পতাকা উত্তোলন, মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবিভিপি-র তরফে। পাশাপাশি পড়ুয়াদের মধ্যে সদস্যপদ গ্রহণের কুপনও বিতরণ করা হয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকিপ ভবনের সামনে এবিভিপির উদ্যোগে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত দু'বছর ধরে একই জায়গায় রামনবমীও উদযাপন করা হচ্ছে এবিভিপি-র তরফে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0