বিশ্ববাংলা গেট থেকে বলাকার রাস্তায় সাবওয়ে তৈরির দাবি স্থানীয় বাসিন্দাদের
বিধাননগর: নিউটাউনের বিশ্ববাংলা গেট থেকে বলাকা আবাসনের দিকে যাওয়ার রাস্তা। নাম—মেইন আর্টারিয়াল রোড। ঝাঁ চকচকে রাস্তা। কার্যত হাইওয়ে। মাঝখানে উঁচু ডিভাইডার। দু’পাশে কয়েক হাজার আবাসিকের বসবাস। কিন্তু পথচারীদের পারাপারের কোনো ব্যবস্থা নেই। ওই রাস্তায় একটি সাবওয়ে তৈরির দাবি দীর্ঘদিনের। এলাকার আবাসিকরা এবং নিউটাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্রেটারনিটি নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিকে (এনকেডিএ) লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন পড়ে রয়েছে বিশবাঁও জলে। কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্যে পালাবদল হয়েছে। তাই নতুন সরকারের কাছে এই একই দাবি রাখছেন আবাসিকরা।
নিউটাউনের নারকেল বাগান মোড়ে তৈরি হয়েছে বিশাল বিশ্ববাংলা গেট। ঝুলন্ত রেস্তরাঁ সহ ক্যাফেটেরিয়া। ২০১৯ সাল থেকে এই মোড় বিশ্ববাংলা গেট নামে পরিচিত। জায়গাটি নিউটাউনের প্রাণকেন্দ্র। এখান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার রাস্তায় অর্থাৎ বলাকা আবাসনের দিকের রাস্তা আগের থেকে অনেক চওড়া হয়েছে। যাতায়াতের জন্য পৃথক লেন। আবাসিকদের কথায়, আগে ডিভাইডার থাকলেও মাঝখানে ফাঁকা ছিল। তা দিয়ে আবাসিকরা নিত্যদিনের প্রয়োজনে যাতায়াত করতেন। কিন্তু কয়েক বছর আগে পুরোপুরিভাবে ডিভাইডারের ফাঁকা জায়গা উঁচু করে সিল করে দেওয়া হয়। তারপর থেকেই আবাসিকরা আর রাস্তা পার করতে পারেন না। এর ফলে তাঁদের নানা দুর্ভোগে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে উঁচু ডিভাইডার ক্রস করার চেষ্টা করেন। তাতেও দুর্ঘটনাও ঘটেছে। ২ সেপ্টেম্বর নিউটাউনের সি সি ব্লকের ৭০ বছরের এক আবাসিক রাস্তা পার করেছিলেন। ওইদিন রাত ৮টা নাগাদ স্থানীয় একটি বাজারের দিক থেকে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বলাকার দিক থেকে আসা একটি বাইক সজোরে তাঁকে ধাক্কা দেয়। রাস্তার উপর আছড়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিউটাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্রেটারনিটির সম্পাদক সমীর গুপ্ত বলেন, বিশ্ববাংলা গেট থেকে বলাকা যাওয়ার মেইন আর্টারিয়াল রোডটি এখন কার্যত হাইওয়ে। দু’দিকের বাসিন্দাদের রাস্তা পারপার করার কোনো ব্যবস্থা নেই। ওই এলাকায় সাবওয়ে তৈরির জন্য আমরা ২০২৫ সালের ৩০ জানুয়ারি এনকেডিএ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। সরকার বদলের পর এনকেডিএ’তে গিয়েছিলাম। তবে কাউকে পাইনি। আবার যাব। সমস্ত আবাসিকদের একটাই দাবি, দ্রুত সাবওয়ে তৈরি হোক। আশা করি সরকার আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0