উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিপদসীমার কাছাকাছি জলঢাকা নদী

Jul 10, 2026 - 18:56
 0  1
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিপদসীমার কাছাকাছি জলঢাকা নদী

উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলপাইগুড়ির জলঢাকা নদী প্রায় বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় নদীভাঙনের ঘটনায় উদ্বেগ বেড়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সেচ দপ্তর এবং জেলা প্রশাসন।

সেচ দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কোচবিহার জেলায়। কোচবিহারে ১৪৩ মিলিমিটার এবং শীতলকুচিতে ১৪২.২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টির পর্যায়ে পড়ে। এছাড়া আলিপুরদুয়ারে ১১২.২০ মিলিমিটার, বানারহাটে ৯৩ মিলিমিটার এবং মাদারিহাটে ৮০.১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এই প্রবল বর্ষণের প্রভাবে জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের সাপ্টিয়াবাড়ি এলাকায় জলঢাকা নদীর জল বিপদসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেচ দপ্তরের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, নদীর জলস্তর ক্রমশ বাড়ছে, ফলে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

অবিরাম বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় নদীভাঙনের ঘটনাও সামনে এসেছে। জলপাইগুড়ির বানারহাটের গয়েরকাটা চা-বাগান সংলগ্ন এলাকায় আংরাভাসা নদীর ডান তীরে প্রায় ২০০ মিটার অংশে ব্যাপক ভাঙন হয়েছে। দার্জিলিংয়ের নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের লোহাসিং জোত এলাকায় চেঙ্গা নদীর বাম তীরে প্রায় ১৫০ মিটার ভাঙনের খবর মিলেছে।

এছাড়া মাটিগাড়া ব্লকের আঠারখাই গ্রাম পঞ্চায়েতের জ্যোতিনগর কলোনিতে বালাসন নদীর ডান তীরে প্রায় ৪৫০ মিটার, সেবক বাজার এলাকায় তিস্তা নদীর ডান তীরে প্রায় ১৫০ মিটার এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সালবাড়ি এলাকায় পঞ্চানই নদীর বাম তীরে প্রায় ১২০ মিটার ভাঙন হয়েছে। লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের ভুজিয়াপানি এলাকায় হুলিয়া নদীর উভয় তীর মিলিয়ে প্রায় ৩৫০ মিটার ক্ষয় হয়েছে। পাশাপাশি পোরাঝার এলাকায় মহানন্দা নদীর ডান তীরের বাঁধে প্রায় ৬০ মিটার অংশে রেইন কাট ধরা পড়েছে। কোচবিহারের তুফানগঞ্জ-১ ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় গদাধর নদীর ডান তীরেও নদীভাঙনের ঘটনা ঘটেছে।

বর্তমান পরিস্থিতিতে নদীর জলস্তর ও ভাঙনপ্রবণ এলাকাগুলির ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসন এবং সেচ দপ্তর।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0