গ্যালাক্সি ছাড়ার আগে একের পর এক ফ্ল্যাট বিক্রি, সলমনের সম্পত্তির নতুন মালিক কারা?

Jul 12, 2026 - 16:49
 0  0
গ্যালাক্সি ছাড়ার আগে একের পর এক ফ্ল্যাট বিক্রি, সলমনের সম্পত্তির নতুন মালিক কারা?

দীর্ঘ পাঁচ দশকের ঠিকানা বদল করছেন সলমন খান (Salman Khan)। মুম্বইয়ের আইকনিক ‘গ্যালাক্সি’র ঢিল ছোঁড়া দূরত্বে সমুদ্রমুখী ‘প্রাসাদ’ গড়ছেন ভাইজান। সলমনের জন্মদিন হোক বা ইদ সেলিব্রেশন, প্রিয় নায়কের একবার দর্শন পেতে গ্যালাক্সির সামনেই ভিড় জমাতেন ভক্তরা। এযাবৎকাল সলমন খান আর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট পরস্পরের সমার্থক ছিলেন, তা বললে অত্যুক্তি হবে না। কিন্তু, আগামীতে আর বাহান্ন বছরের বাসস্থান গ্যালাক্সিতে মিলবে না সলমনের দেখা। এই খবরে স্বাভাবিকভাবই মন খারাপ ভাইজান ভক্তদের। সেই কাটা ঘায়ে আবার নুনের ছিটে!

বান্দ্রা পশ্চিমের ‘শিব-আস্থান হাইটস’-এর ফ্ল্যাটটিও বিক্রি করে দিলেন সুপারস্টার সলমন খান। ২০২৩-২৪ সালে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তা ও হুমকির কারণে বান্দ্রা পশ্চিমের ‘শিব-আস্থান হাইটস’-এ একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেটি নাকি একেবারে জলের দরে বিক্রি করে দিলেন। জানা যাচ্ছে, মাত্র ৩.৫০ কোটিতে নিজের সম্পত্তি বিক্রি করেছেন সলমন। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ৯ জুলাই এই চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। ফ্ল্যাটটি কিনেছেন মুনিরা আকবরআলি ডান্ডাওয়ালা, মাহাদিআলি আকরবআলি ডান্ডাওয়ালা, জেহরা মাহাদিআলি ডান্ডাওয়ালা। তবে এবিষয়ে ভাইজানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৫ সালে ২.৮৮ কোটিতে ফ্ল্যাটটি কিনেছিলেন সলমন। গ্যালাক্সিতে পরিবারের সঙ্গে থাকলেও পঁচিশ সালের জুলাই মাসে ‘শিব-আস্থান হাইটস’-এর আরও একটি অ্যাপার্টমেন্ট ৫.৩৫ কোটিতে বিক্রি করেছিলেন। একের পর এক সম্পত্তি বিক্রির খবরে যে সলমন অনুরাগীদের মন ভাঙবে তা বলাই বাহুল্য। 

সূত্রের খবর, গত ১৬ জুন মহারাষ্ট্র ‘কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি’র (MCZMA) তরফে নতুন বাড়ি তৈরির ছাড়পত্রও পেয়েছেন অভিনেতা। জানা যায়, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাড়ি নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে অনুমোদন আবশ্যক। তবে সেটা শর্তসাপেক্ষ। খবর, বাড়ি তৈরির সময়ে এলাকার কোনও গাছ কাটা যাবে না। সলমনের নতুন বাংলো কেমন হতে চলেছে? এহেন কৌতূহল অস্বাভাবিক নয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0