নিম্নমানের খাদ্যের অভিযোগে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ

Jul 10, 2026 - 19:16
 0  1
নিম্নমানের খাদ্যের অভিযোগে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ

শিশুদের জন্য নিম্নমানের খাবার সরবরাহ এবং নির্ধারিত পরিমাণের তুলনায় কম ডিম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়ার বরাবাজার ব্লকের ঝরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয়ে আইসিডিএস কর্মী ও সহায়িকাকে দীর্ঘ সময় কেন্দ্রের ভিতরে আটকে রাখেন। পরে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁদের উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি উপভোক্তাদের প্রাপ্য ডিমও নিয়ম অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না। এই অভিযোগের জেরেই এদিন গ্রামবাসীরা কেন্দ্রে বিক্ষোভ দেখান এবং কর্মী-সহায়িকাকে তালাবন্দি করে রাখেন।

শুধু খাবারের মান নয়, অন্নপূর্ণা যোজনার সমীক্ষা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, প্রকৃত উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে অনেক যোগ্য আবেদনকারী এখনও প্রকল্পের আর্থিক সুবিধা পাননি। এই অভিযোগকে সামনে রেখে বহু মহিলা প্রতিবাদে শামিল হন।

অভিযোগ অস্বীকার করে অঙ্গনওয়াড়ি কর্মী কবিতা মাহাতো জানান, বিডিও অফিস থেকে পাঠানো ৪০ জনের তালিকা অনুযায়ী তিনি বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করেন এবং সেই রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। খাবারের মান নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তাঁর দাবি, বরাদ্দ অনুযায়ী যতটুকু খাদ্যসামগ্রী পাওয়া যায়, তা নিয়ম মেনেই উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়। গ্রামবাসীদের অভিযোগ বাস্তবসম্মত নয় বলেও তিনি দাবি করেন।

ঘটনা প্রসঙ্গে বরাবাজার ব্লকের সিডিপিও বিনীতা চট্টোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করেই বিক্ষোভের সূত্রপাত হয়েছে। তবে শিশু খাদ্যের মান নিয়ে যদি কোনও অভিযোগ থেকে থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0