ঘুড়ি ওড়াতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে ভয়ংকর দুর্ঘটনা! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি সলমন
ঘুড়ি ওড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কোরিওগ্রাফার সলমন ইউসুফ খান। বাড়ির প্রায় ১৩ ফুট উঁচু ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর হাতে একাধিক হাড় ভেঙেছে। আঘাত এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচার করাতে হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘এবিসিডি’ খ্যাত এই শিল্পী।
হাসপাতালের শয্যা থেকেই দুর্ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সলমন। তিনি জানিয়েছেন, কোনও শুটিং বা স্টান্ট করতে গিয়ে নয়, বরং নিজের বাড়ির ছাদেই মুহূর্তের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটে। তাঁর কথায়, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
সলমন জানান, মোবাইল ও আইপ্যাড থেকে কিছুটা দূরে রাখতে তিনি তাঁর ১০ বছরের ছেলেকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছিলেন। ছাদে ছেলেকে শেখানোর পর নিচে পাঠিয়ে দেন। এরপর নিজেই ঘুড়িটি আরও উঁচুতে ওড়ানোর চেষ্টা করছিলেন। সেই সময় আচমকা পা পিছলে তিনি প্রায় ১৩ ফুট নিচে পড়ে যান।
দুর্ঘটনায় তাঁর হাতের দু’টি হাড় ভেঙে যায়। গুরুতর চোটের কারণে অস্ত্রোপচারও করতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তাঁকে বেশ কিছুদিন কাজ থেকে বিরত থাকতে হবে।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সলমন জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসকেরা বলেছেন, প্রায় ১৫ দিন পর তাঁর হাতের প্লাস্টার খোলা হতে পারে। এরপর এক মাস ফিজিওথেরাপি চলবে। সব ঠিক থাকলে মাসখানেকের মধ্যেই ফের কাজে ফিরতে পারবেন বলে আশাবাদী অভিনেতা।
নৃত্যশিল্পী হিসেবে চোটের সঙ্গে আগেও লড়াই করেছেন বলে জানিয়েছেন সলমন। তবে এবার বিশ্রাম ও পুনর্বাসনে কোনওরকম তাড়াহুড়ো করতে চান না তিনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
