পাতালপথে বিপ্লব! বন্দে মাতরম ধ্বনিতে ভিক্টোরিয়ায় মাটি ফুঁড়ে বেরল ‘দুর্গা’
কলকাতা মেট্রোর জোকা-ইডেন পার্পল লাইন প্রকল্পে বড় সাফল্য। প্রায় এক বছরের মধ্যে নির্ধারিত লক্ষ্য পূরণ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের নিচে এসে পৌঁছেছে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। মাটির প্রায় ১.৭ কিলোমিটার নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে কোনও বড় ক্ষয়ক্ষতি ছাড়াই কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
এই সাফল্যের পর পার্পল লাইনের ভূগর্ভস্থ অংশের নির্মাণকাজ আরও গতি পেল। টানেল খননের সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকরা ভূগর্ভেই ‘বন্দে মাতরম’ ধ্বনি তুলে মুহূর্তটি উদ্যাপন করেন।
এর আগে বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের সময় একাধিকবার বিপর্যয় নেমে এসেছিল। মাটির নিচে জটিল অংশে কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতার কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন সংলগ্ন অংশেও ঝুঁকির আশঙ্কা ছিল। তবে এবার কোনও উল্লেখযোগ্য ক্ষতি ছাড়াই কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি মেট্রোরেলের।
এই অংশের উপরে রয়েছে ফোর্ট উইলিয়াম এবং পিটিএসের মতো গুরুত্বপূর্ণ এলাকা। তা সত্ত্বেও অত্যন্ত সতর্কতার সঙ্গে টানেল বোরিং মেশিনটি ভিক্টোরিয়ার নিচে পৌঁছেছে। মেট্রোরেলের জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্তা এই সাফল্যকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এটি সিভিল ইঞ্জিনিয়ারদের বড় সাফল্য। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ‘দিব্যা’ও কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভূগর্ভে কর্মরত শ্রমিক ও প্রযুক্তিবিদদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে।
বর্তমানে আপ লাইনে, অর্থাৎ পার্ক স্ট্রিটমুখী অংশে সুড়ঙ্গ খননের কাজ করছে ‘দুর্গা’। অন্যদিকে, ডাউন লাইনে বা জোকামুখী অংশে কাজ করছে ‘দিব্যা’। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার দীর্ঘ যুগ্ম টিউব টানেল নির্মাণের দায়িত্বে রয়েছে এই দুই টানেল বোরিং মেশিন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
