ফের বালোচিস্তানে রক্তাক্ত পাক সেনা! বন্দুকবাজের গুলিতে মৃত ৯ জওয়ান, অপহৃত ৫

Jul 9, 2026 - 18:14
 0  0

সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া পাকিস্তান নিজেই সন্ত্রাসের আগুনে দগ্ধ। অজ্ঞাত বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত হল পাকিস্তানের অশান্ত প্রদেশ বালোচিস্তান (Balochistan)। সোমবার শেষরাতে বালোচিস্তানের জিয়ারাত জেলায় সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল হামলাকারীরা। ভয়ংকর এই হামলায় দুই এসএইচও পর্যায়ের আধিকারিক-সহ অন্তত ৯ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে আরও ৫ জন জওয়ানকে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় দেয়নি। তবে অভিযোগের আঙুল উঠছে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা ‘টিটিপি’-র দিকে। পাশাপাশি অন্য একটি সূত্র বলছে, এই হামলার নেপথ্যে থাকতে পারে স্বাধীনতাকামী সংগঠন বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ।

হামলার কথা নিশ্চিত করে জিয়ারাতের পুলিশ সুপার আবদুল কুদ্দুস বলেন, মাঙ্গি ফেজ ৩ এলাকায় একটি বাঁধ প্রকল্পের কাছে নিরাপত্তাবাহিনীর ক্যাম্পে এই হামলা চালানো হয়। রাতভর হামলাকারীদের সঙ্গে গুলির লড়াই চলে নিরাপত্তাবাহিনীর। এখনও পর্যন্ত এই হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৫ জনকে অপহরণ করে নিয়ে গিয়েছে হামলাকারীরা। এদিকে এই হামলার পর পরই হামলাকারীদের বিরুদ্ধে পালটা অভিযানে নামে পাক সেনার ফ্রন্টিয়ার কোর, বালোচিস্তান পুলিশ, কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, স্পেশাল অপারেশনস উইং এবং অ্যান্টি-টেরোরিজম ফোর্স। এই অভিযানে টিটিপি-র ১৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নিরাপত্তাবাহিনীর অপহৃত পাঁচ সদস্যের খোঁজে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0