৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি! সবং থানায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ মানস ভুঁইয়াকে

Jul 9, 2026 - 17:23
 0  0

চাকরি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দিলেন প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি থানায় পৌঁছন। সেখানে প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে সেচ দপ্তরের চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এদিন জিজ্ঞাসাবাদের পর তিনি থানা থেকে বের হয়ে কোনও মন্তব্য করেননি।

এই মামলার অভিযোগকারী বিকাশ কুমার টুং, সবং বিধানসভার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ, তৎকালীন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় এবং তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথ দের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১ মার্চ ২০২৬ তারিখে ‘CISB Services Private Limited’-এর অধীনে STEWARD পদে তেমাথানীর সেচ বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। পরিবারের দাবি, চাকরিতে যোগদানের পর নিয়মিত কাজ করলেও মাত্র দু’মাসের মাথায় গত ৬ মে তাঁকে জানানো হয় যে, তাঁর চাকরি বাতিল করা হয়েছে। এমনকী চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় বলে অভিযোগ। এরপরই মানস-সহ তৃণমূলের ২ নেতার বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশ। যদিও প্রাক্তন মন্ত্রী জানান, এই অভিযোগ ভিত্তিহীন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0