তেলঙ্গানায় পুলিশকর্তার ৩০০ কোটির সম্পত্তির হদিস! দুই রাজ্যে খোঁজ মিলল বেশ কয়েকটি বাংলো, ফ্ল্যাট ও রিসর্টের

Jul 7, 2026 - 17:54
 0  0

তেলঙ্গানায় এক পুলিশকর্তার ৩০০ কোটির সম্পত্তির হদিস পেল দুর্নীতিদমন শাখা (এসিবি)। সূত্রের খবর, আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে ডেপুটি পুলিশ সুপার সঙ্কিরেড্ডি ভীম রেড্ডির বিরুদ্ধে। তার পরই সোমবার তল্লাশি অভিযানে নামে এসিবি। তদন্তে নেমে স্থাবর এবং অস্থাবর মিলিয়ে পুলিশকর্তার বিপুল পরিমাণ সম্পত্তির পান এসিবি-র আধিকারিকেরা। তার পরই ভীম রেড্ডিকে নিজেদের হেফাজতে নেন তাঁরা।

এসিবি সূত্রের খবর, পুলিশকর্তাকে তাঁর ইব্রাহিমবাগের বাড়ি থেকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, পুলিশকর্তার ১৫টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। এ ছাড়াও তাঁর আত্মীয়, বন্ধুদের বাড়িতেও তল্লাশি চলে তেলঙ্গানা এবং কর্নাটকে। এসিবি জানিয়েছে, পুলিশকর্তার একটি ঠিকানা থেকে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে। আরও একটি ঠিকানা থেকে ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, ২০ কেজি রুপোর গয়না এবং সামগ্রী পাওয়া গিয়েছে। এ ছাড়াও ডিএসপির একটি অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকার হদিস মিলেছে।

২ জুলাই থেকে তল্লাশি অভিযানে নামে এসিবি। ৬ জুলাই পর্যন্ত সেই অভিযান চলে। এসিবি জানিয়েছে, চার দিনের এই তল্লাশিতে হায়দরাবাদের ইব্রাহিমবাগে একটি বাংলো, টেলিকমনগরে তিনতলা বাড়ি, একটি পেন্ট হাউস মিলেছে। এ ছাড়াও আরও একটি ফ্ল্যাটের হদিস মিলেছে ওই এলাকায়। অন্য দিকে, গাছিবোওলিতে একটি ফ্ল্যাট রয়েছে। মণিকোন্ডায় ৫০০ বর্গফুটের একটি বাণিজ্যিক ভবন, ৩০০০ বর্গফুটের আরও একটি বাণিজ্যিক ভবন রয়েছে। তেল্লাপুরে দু’টি ফ্ল্যাট, একটি রিসর্ট। সঙ্গারেড্ডি জেলায় সাড়ে তিন একরের কৃষিজমি।তেলঙ্গানা ছাড়া কর্নাটকেও বিপুল সম্পত্তির হদিস মিলেছে ডিএসপির। ওই রাজ্যে একটি ৬০০ একর এবং আর একটি ৩৮ একরের কৃষিজমি রয়েছে। বেঙ্গালুরুতে এক একরের একটি জমি রয়েছে। নাগোলে ২০০ বর্গফুট, পাতানচেরুতে ৪০০ এবং ২০০ বর্গফুট, ভিকারাবাদে এক হাজার বর্গফুটের জমি রয়েছে। ভিকারাবাদে ২ একরের কৃষিজমি রয়েছে। এ ছাড়াও কর্নাটকের আরও কয়েকটি জায়গায় বেনামে সম্পত্তির হদিস মিলেছে। তদন্তকারীদের সন্দেহ, ৫০০ কোটি ছাড়িয়ে যেতে পারে তাঁর সম্পত্তির পরিমাণ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0