সরকারি চাকরির লোভ, ভাড়াটে খুনি লাগিয়ে মা’কে খুন মেয়ের! তারপর…
সরকারি চাকরি ও সম্পত্তির লোভে নিজের মাকে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। অভিযোগ, পরিকল্পনা সফল করতে তিনি ভাড়াটে খুনি ভাড়া করেন। এই ষড়যন্ত্রে তাঁর কাকা ও খুড়তুতো ভাইও জড়িত ছিলেন বলে দাবি পুলিশের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। পুলিশের তথ্য অনুযায়ী, নিহতের নাম নীরজ শর্মা (৪৫)। তিনি জয়পুরের একটি আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, গত ৩ জুলাই প্রতাপ নগর এলাকায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ নিহতের মেয়ে আয়ুশি শর্মাসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার আরও এক অভিযুক্ত এখনও পলাতক। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন নীরজ শর্মা তাঁর ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে ছুটে আসা একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর গাড়ির চালক দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্তকারীদের সন্দেহ হয়, এটি সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের দাবি, আয়ুশি শর্মা তাঁর কাকা ও খুড়তুতো ভাইয়ের সহযোগিতায় ৭ লক্ষ টাকার বিনিময়ে এক ভাড়াটে খুনিকে নিয়োগ করেছিলেন। এরপর পরিকল্পনা অনুযায়ী নীরজ শর্মাকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, আয়ুশির বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। প্রায় এক বছর আগে তাঁর মৃত্যু হলে সেই চাকরি পাওয়ার আশা করেছিলেন আয়ুশি। কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি পান তাঁর মা নীরজ শর্মা। এরপর থেকেই মা-মেয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। পাশাপাশি গত দুই থেকে তিন বছর ধরে পারিবারিক সম্পত্তি নিয়েও তাঁদের মধ্যে বিরোধ চলছিল বলে তদন্তে উঠে এসেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0