ডিম ছোড়ায় বাধা দিতেই বিজেপি নেতার হুঙ্কার, ‘সরকারি নির্দেশ, ইনচার্জে আছি’, তারপর যা হল…

Jul 10, 2026 - 16:48
 0  0

পূর্ব মেদিনীপুরের বালিসাইয়ে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, রামনগর-২ ব্লকের তৃণমূল নেতা মানস দাসকে ডিম ছুড়ে এবং মুখে ডিম মাখিয়ে হেনস্তা করেন পঞ্চায়েত সমিতির সদস্য ও বিজেপি নেতা সুব্রত দাস।

ঘটনাটি ঘটে বিএলআরও অফিসের সামনে। সেখানে মানস দাসকে দেখতে পেয়ে তাঁর মাথা ও মুখে ডিম মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মানস দাস রামনগর-২ ব্লকের প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন।

ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয়দের প্রতিবাদের দৃশ্যও সামনে আসে। ভিডিওতে কয়েকজনকে সুব্রত দাসের কাছে ডিম ছোড়ার কারণ জানতে চাইতে দেখা যায়। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, এটি নাকি “সরকারি নির্দেশ” এবং তিনি “ইনচার্জে” রয়েছেন। উপস্থিতরা তখন সেই নির্দেশের লিখিত বিজ্ঞপ্তি দেখানোর দাবি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপির শীর্ষ নেতৃত্বের চাপের মুখে ক্ষমা চান সুব্রত দাস। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়ের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি। পাশাপাশি ভিডিও বার্তায় জানান, ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ এবং এর সঙ্গে দল বা সরকারের কোনও সম্পর্ক নেই। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে ‘ডিম থেরাপি’ নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বও কড়া অবস্থান নিয়েছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একাধিকবার জানিয়েছেন, এ ধরনের আচরণ দল কোনওভাবেই সমর্থন করে না। ডিম ছোড়ার ঘটনাকে তিনি রাজনৈতিক অপসংস্কৃতির অংশ বলেও মন্তব্য করেছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0