একদিনে হুগলির ৩ পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ! ভেঙে খানখান বৈদ্যবাটি পুরবোর্ড
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হুগলির একাধিক পুরসভা ও পঞ্চায়েতে অস্থিরতা তৈরি হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বৈদ্যবাটি পুরসভা। শুক্রবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ মোট ১৩ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। ২৩ সদস্যের পুরবোর্ডে ১৩ জনের ইস্তফার ফলে কার্যত ভেঙে পড়েছে বোর্ড।
পদত্যাগপত্র শ্রীরামপুরের মহকুমা শাসকের কাছে পাঠানো হয়েছে। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো জানিয়েছেন, গত দু’মাস ধরে নানা প্রতিবন্ধকতার কারণে সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই কারণেই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
একই দিনে শ্রীরামপুর পুরসভাতেও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। আগের দিন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাঁদের পদত্যাগপত্র মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেন। বিষয়টি নিয়ে কাউন্সিলরদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় শুক্রবার পুরসভায় বৈঠক ডাকা হয়। আপাতত অন্য কাউন্সিলররা পদত্যাগ করছেন না। পরবর্তী বৈঠকের পর তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
অন্যদিকে, কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সশরীরে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভবিষ্যতে সরকারি কোনও কাজে প্রয়োজন হলে সহযোগিতা করবেন বলেও প্রশাসনকে জানিয়েছেন তিনি।
কোন্নগরে চেয়ারম্যান-সহ ছয়জন পদত্যাগ করলেও পুরবোর্ড এখনও বহাল রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে থেকে গিয়েছেন এবং বোর্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যাও আপাতত রয়েছে।
হুগলি জেলায় বর্তমানে উত্তরপাড়া ও রিষড়া পুরসভা তুলনামূলকভাবে বহাল রয়েছে। তবে রিষড়া পুরসভাতেও দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সেখানে ইতিমধ্যেই বোর্ড মিটিং শুরু হয়েছে। সূত্রের খবর, ওই পুরসভাতেও আরও কয়েকজন কাউন্সিলরের পদত্যাগের সম্ভাবনা রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
