প্যারিসের মার্জার সরণিতে ‘দেবী’র প্রাণপ্রতিষ্ঠা, বিশ্বজুড়ে চর্চায় ভারতীয় ডিজাইনারের ফ্যাশন বিপ্লব!
ঝাঁ-চকচকে সেট, সামনে বিস্তৃত র্যাম্প, আর সারি সারি দর্শক। এমন সময় মঞ্চে আবির্ভাব এক অদ্ভুতদর্শন মডেলের। কাদামাটির রঙে রাঙানো শরীর, দূর থেকে দেখে মনে হয় যেন পোশাকের কোনও আবরণই নেই। পাথরে খোদাই করা দেহসৌষ্ঠব, অলংকার ও মুখাবয়ব যেন জীবন্ত হয়ে হেঁটে চলেছে র্যাম্পে। মুহূর্তের জন্য দর্শকদের মনে প্রশ্ন জাগে—এ কি কোনও নারী, নাকি দেবীমূর্তি?
বিশ্বমঞ্চে ভারতীয় ঐতিহ্য ও নারীত্বকে এভাবেই অনন্য রূপ দিয়েছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র। প্যারিস হট কট্যুর উইকে তিনি উপস্থাপন করেছেন তাঁর ‘অটাম–উইন্টার ২০২৬ কট্যুর কালেকশন’—‘দেবী: দ্য ইটারনাল মিউজ’। ব্যতিক্রমী শিল্পভাবনা ও অভিনব উপস্থাপনার কারণে গোটা আয়োজনটি মরশুমের অন্যতম আলোচিত সংগ্রহ হয়ে উঠেছে।
ভারতের প্রাচীন মন্দির ও শতাব্দীপ্রাচীন ভাস্কর্য থেকেই এই কালেকশনের অনুপ্রেরণা নিয়েছেন রাহুল। তাঁর পোশাকগুলিতে এমনভাবে নকশা করা হয়েছে, যেন পাথরের খোদাই জীবন্ত হয়ে উঠেছে। এগুলি নিছক পোশাক নয়, বরং র্যাম্পে হাঁটতে থাকা এক একটি ভাস্কর্য। শোয়ে উপস্থিত দর্শকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই কালেকশন ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে ভারতীয় দর্শকেরা এই শিল্পভাবনার প্রশংসা করেছেন।
২০২০ সাল থেকে প্যারিস হট কট্যুরে নিয়মিত অংশ নেওয়া প্রথম ভারতীয় ডিজাইনার হিসেবে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় বিশেষ পরিচিতি পেয়েছেন রাহুল মিশ্র। সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারি এবং ভারতীয় কারুশিল্পকে আধুনিক পোশাকে তুলে ধরার জন্য বিশ্বজুড়ে তাঁর খ্যাতি রয়েছে।
র্যাম্পে মডেলদের দেখা যায় পাথুরে ধূসর, মলিন আইভরি, অ্যান্টিক সোনালি, কালো এবং ফিকে বেইজ রঙের ভাস্কর্যধর্মী পোশাকে। করসেটেড বডিসের উপর ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় মন্দিরের স্থাপত্যশৈলী। সিল্ক থ্রেড এমব্রয়ডারি, জারদৌসি, মুক্তো, ক্রিস্টাল এবং বাগল বিডসের সূক্ষ্ম সংমিশ্রণে তৈরি হয়েছে প্রতিটি পোশাক।
দূর থেকে এই পোশাকগুলি পাথরের তৈরি বলে মনে হলেও, কাছে গেলে ধরা পড়ে অসংখ্য ঘণ্টার হাতে করা নিখুঁত কারুকাজ। প্রতিটি পোশাকের গঠন, নকশা ও অলংকরণে মিশে রয়েছে ভারতীয় শিল্প ও ঐতিহ্যের গভীর ছাপ।
এই কালেকশন তৈরিতে রাহুল মিশ্রের সঙ্গে কাজ করেছেন মৃৎশিল্পী সুমন্ত কুমার। প্রাচীন ভারতীয় ভাস্কর্যের মুকুট ও মাথার অলংকার থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তৈরি করেছেন বিশেষ হেডপিস। অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিনার স্টিফেন জোনস ডিজাইন করেছেন নজরকাড়া হেডওয়্যার।
শোয়ের প্রথম সারিতে থাকা তারকাদের উপস্থিতিও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় রাহুল মিশ্রের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে। মার্কিন র্যাপার কার্ডি বি এই সংগ্রহের ভাস্কর্যধর্মী নকশা থেকে অনুপ্রাণিত কাস্টম আইভরি রঙের পোশাকে ধরা দেন। অন্যদিকে ঈশা আম্বানিকে দেখা যায় বিশেষভাবে তৈরি ধূসর করসেটেড পোশাকে, যেখানে এই কালেকশনের স্থাপত্যধর্মী ভাবনা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
