স্ক্রিনশট দেখালে হবে না, রেলের এই অ্যাপ খুলে টিকিট না দেখাতে পারলেই জরিমানা!
রেলযাত্রার সময় রেলওয়ান অ্যাপের মাধ্যমে কাটা অসংরক্ষিত টিকিট দেখানোর নিয়ম আরও স্পষ্ট করল রেল। জানানো হয়েছে, টিকিটের স্ক্রিনশট, ছবি, পিডিএফ কিংবা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মেসেজিং অ্যাপে ফরওয়ার্ড করা কপি বৈধ বলে গণ্য হবে না। যে মোবাইল ফোন ব্যবহার করে টিকিট বুক করা হয়েছে, যাত্রার সময় সেই ফোনেই অ্যাপ খুলে মূল ডিজিটাল টিকিট দেখাতে হবে।
রেলের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট মোবাইলে মূল টিকিট দেখাতে না পারলে যাত্রীকে জরিমানার মুখে পড়তে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। পাশাপাশি যাত্রীর কাছে ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র রাখাও বাধ্যতামূলক।
দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে সমাজমাধ্যমে জানানো হয়েছে, রেলওয়ান অ্যাপে বুক করা অসংরক্ষিত টিকিট কেবল সেই মোবাইলেই বৈধ, যে ডিভাইস থেকে সেটি ইস্যু করা হয়েছিল। হোয়াটসঅ্যাপে পাওয়া কপি, স্ক্রিনশট কিংবা অন্য কোনও মাধ্যমে পাঠানো টিকিটকে বৈধ ভ্রমণ অনুমতিপত্র হিসেবে ধরা হবে না। নিয়মটি বোঝাতে একটি সচেতনতামূলক ভিডিওও প্রকাশ করেছে রেল।
সম্প্রতি মূল ডিজিটাল টিকিটের পরিবর্তে হোয়াটসঅ্যাপে পাঠানো স্ক্রিনশট দেখানোর কারণে এক যাত্রীকে জরিমানা করা হয়। সেই ঘটনার পরই রেলের তরফে বিষয়টি নতুন করে স্পষ্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে এই নিয়ম নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগও প্রকাশ করেছেন বহু যাত্রী। তাঁদের বক্তব্য, প্রবীণ নাগরিক কিংবা প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত ব্যক্তিরা অনেক সময় পরিবারের সদস্য বা পরিচিত কারও সাহায্যে টিকিট কাটেন। সে ক্ষেত্রে টিকিট যিনি বুক করেছেন এবং যিনি যাত্রা করছেন তাঁরা আলাদা ব্যক্তি হলে সমস্যা তৈরি হতে পারে।
রেলওয়ান অ্যাপ অসংরক্ষিত টিকিট কাটার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠলেও, এই ধরনের পরিস্থিতিতে নিয়মটি কীভাবে কার্যকর হবে, তা নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছেন ব্যবহারকারীদের একাংশ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
