স্বামী তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, বউয়ের অন্নপূর্ণা ফর্মে উল্লেখ যৎসামান্য আয়! সোশাল মিডিয়ায় ভাইরাল আবেদনপত্র

Jul 10, 2026 - 16:28
 0  0

দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদবের স্ত্রী স্বপ্না যাদবের অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই আবেদনপত্রে পরিবারের বার্ষিক আয় ৬০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

ধর্মেন্দ্র যাদব দুর্গাপুর নগর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। পরে তিনি মেয়র পারিষদ সদস্য এবং প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তৃণমূলের বিভিন্ন সভা, মিছিল ও দলীয় কর্মসূচিতে তাঁকে একসময় প্রথম সারিতে দেখা যেত।

বিরোধীদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্রে পরিবারের আয় সংক্রান্ত ভুল তথ্য দেওয়া হয়ে থাকতে পারে। তাঁদের দাবি, একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা এক প্রাক্তন জনপ্রতিনিধির পরিবারের বার্ষিক আয় মাত্র ৬০ হাজার টাকা হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, বর্তমান সরকার রাজনৈতিক পরিচয় না দেখে যোগ্য ব্যক্তিদের সরকারি প্রকল্পের সুবিধা দিচ্ছে। তবে একজন প্রাক্তন প্রভাবশালী জনপ্রতিনিধির পরিবারের এত কম আয় দেখানো হয়েছে কি না, তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত বলেও মত তাঁর।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধর্মেন্দ্র যাদব। তাঁর বক্তব্য, বর্তমানে তিনি বেকার এবং তাঁর কোনও নির্দিষ্ট আয় নেই। তাঁকে ঘিরে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0