জ্যোতিষী থেকে কোটিপতি, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ‘ডিমথেরাপি’, কাদা-গোবর মাখাল জনতা!

Jul 10, 2026 - 17:21
 0  0

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এক পঞ্চায়েত প্রধানকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া, কাদা ও গোবর মাখানো এবং গলায় গামছা বেঁধে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে।

অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের নাম গৌর সর্দার। তিনি সজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে তিনি নিয়মিত পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন না। এর ফলে বিভিন্ন প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছিল বলে স্থানীয়দের দাবি।

এর মধ্যেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েত প্রধানদের নিয়মিত অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন এবং অনুপস্থিত থাকলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন। সেই আবহে শুক্রবার গৌর সর্দার পঞ্চায়েত অফিসে গেলে স্থানীয়দের একাংশ সেখানে জড়ো হন।

প্রথমে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এরপর কাদা ও গোবর মাখানো হয় এবং গলায় গামছা বেঁধে এলাকায় ঘোরানো হয়।

স্থানীয়দের একাংশের দাবি, গৌর সর্দার একসময় জ্যোতিষীর কাজ করতেন। পরে রাজনৈতিক প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর বিপুল সম্পত্তি হয়েছে বলে অভিযোগ ওঠে। তৃণমূল শাসনকালে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি বিক্ষোভকারীদের।

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত এলাকায় পৌঁছয়। উত্তেজিত জনতার হাত থেকে গৌর সর্দারকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে গৌর সর্দারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এখনও আদালতে প্রমাণিত নয়। একইভাবে তাঁকে হেনস্তা করার ঘটনায় কারা জড়িত, তা-ও তদন্তসাপেক্ষ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0