রাম মন্দিরে অনুদান চুরির মামলা শুনবে সুপ্রিম কোর্ট! ১৩ জুলাই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি
অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ চুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। তবে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে তিনটি পৃথক আবেদন দায়ের করা হয়েছে। আগামী ১৩ জুলাই প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়ার কথা।
রাম মন্দিরের প্রায় তিন হাজার কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কয়েকজন সদস্যও প্রশ্নের মুখে পড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। বিতর্ক বাড়তেই দ্রুত সিট গঠন করে তদন্ত শুরু করে রাজ্য প্রশাসন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পাশাপাশি ট্রাস্টের পদত্যাগী প্রধান চম্পত রাইকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
এদিকে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছনোয় রাজনৈতিক চাপ আরও বেড়েছে। আদালতে জমা দেওয়া আবেদনগুলিতে ট্রাস্টের সমস্ত আর্থিক লেনদেনের সিএজি অডিট, সিবিআই তদন্ত ও ফরেন্সিক অডিটের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ব্যাঙ্ক লেনদেন, ইউপিআই রেকর্ড এবং অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে।
রাজনৈতিক মহলের ধারণা, রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ আসন্ন বাদল অধিবেশনে বিরোধীদের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
