শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে এবার হুগলিতে খুলছে চারটি জুটমিল, স্বস্তি কয়েক হাজার কর্মীর
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক বন্ধ জুটমিল ফের চালু হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার হুগলি জেলার গঙ্গাপাড়ের চারটি বন্ধ জুটমিলও খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে চন্দননগরের গোন্দলপাড়া, শ্রীরামপুরের ইন্ডিয়া এবং রিষড়ার হেস্টিংস ও ওয়েলিংটন জুটমিল পুনরায় চালুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চারটি মিল খোলার সম্ভাবনায় নতুন করে আশাবাদী হয়েছেন হাজার হাজার শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে কয়েক দিনের মধ্যেই মিলগুলি চালু হতে পারে।
শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানিয়েছেন, সরকার পাটশিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। হুগলি জেলার চারটি জুটমিল চালু হলে বহু শ্রমিকের কর্মসংস্থান ফিরবে। পাশাপাশি মিল সংলগ্ন শ্রমিক মহল্লাগুলির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মালিকপক্ষের কাছেও আবেদন জানানো হয়েছে। শিল্প ও কারখানা সচল রাখতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।
শ্রমমন্ত্রী হওয়ার পর থেকেই অর্জুন সিং জুটমিল মালিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। সংশ্লিষ্ট মহলের মতে, সেই আলোচনার ফলেই বন্ধ মিলগুলি খোলার উদ্যোগ গতি পেয়েছে।
বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে বন্ধ হয়ে যায় চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। সেখানে প্রায় চার হাজার শ্রমিক কর্মরত ছিলেন। মিলের শ্রমিক প্রমোদ মণ্ডলের দাবি, আগেও বছরে প্রায় ছয় থেকে সাত মাস মিল বন্ধ থাকত। নতুন সরকারের আমলে সেই অনিশ্চয়তা কাটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে বন্ধ রয়েছে শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল। সেখানে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করতেন। অন্যদিকে, জুনের শুরুতে বন্ধ হয়ে যায় রিষড়ার হেস্টিংস জুটমিল। ওই মিলেও চার হাজারের বেশি শ্রমিক কর্মরত ছিলেন।
শ্রমিকদের একাংশের অভিযোগ, আগের সরকারের উদাসীনতার কারণেই বহু জুটমিল এবং শিল্পকারখানা বন্ধ হয়েছে। তাঁদের দাবি, শুধু মিল খোলাই নয়, ভবিষ্যতে যাতে সেগুলি আবার বন্ধ না হয়, সে জন্যও স্থায়ী ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে।
গোন্দলপাড়া জুটমিলের এক ম্যানেজার শুভেন্দু পাল জানিয়েছেন, বর্তমানে মিলের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তবে ঠিক কবে থেকে উৎপাদন শুরু হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তা সত্ত্বেও মিল খোলার সম্ভাবনার খবরেই শ্রমিক পরিবারগুলির মধ্যে নতুন করে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
