‘অধরা মাধুরী উঠুক রোনাল্ডোর হাতে’, ব্রাজিলকে কি কাপজয়ের দাবিদার দেখছেন না রোনাল্ডিনহো?

Jul 10, 2026 - 17:02
 0  0

ফুটবলজীবনে প্রায় সব বড় সাফল্যই অর্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এখনও তাঁর অধরা বিশ্বকাপ ট্রফি। যে প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছনোই রোনাল্ডো ও পর্তুগালের সেরা অর্জন। এবার সেই অপেক্ষার অবসান হলে আপত্তি নেই ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহোর। তবে তাঁর সমর্থনের সঙ্গে রয়েছে একটি শর্ত—ব্রাজিল চ্যাম্পিয়ন না হলেই তিনি রোনাল্ডোর হাতে বিশ্বকাপ দেখতে চান।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মেক্সিকো সিটির এস্তাদিয়ো আজতেকায় উপস্থিত ছিলেন রোনাল্ডিনহো। সেখানে এক সাক্ষাৎকারে তিনি রোনাল্ডোর দীর্ঘ ফুটবলজীবন, পেশাদারিত্ব ও ধারাবাহিকতার প্রশংসা করেন। তাঁর মতে, এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখা এবং নিষ্ঠার সঙ্গে খেলে যাওয়া সত্যিই সম্মানের দাবি রাখে।

রোনাল্ডিনহো বলেন, পর্তুগাল বিশ্বচ্যাম্পিয়ন হলে রোনাল্ডোর ফুটবলযাত্রা পূর্ণতা পাবে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন একটি পরিণতি গোটা খেলাটির পক্ষেও স্মরণীয় হয়ে থাকবে।

২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন রোনাল্ডো। সেই আসরে চতুর্থ হয়েছিল পর্তুগাল, যা এখনও তাদের সেরা ফল। এরপর আরও চারটি বিশ্বকাপে অংশ নিলেও ট্রফির স্বাদ পাননি তিনি। তাই নিজের ষষ্ঠ বিশ্বকাপই তাঁর কাছে শিরোপা জয়ের শেষ বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে রোনাল্ডিনহো নিজের অগ্রাধিকারও স্পষ্ট করেছেন। ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই কিংবদন্তি জানিয়েছেন, তাঁর প্রথম পছন্দ সবসময়ই ব্রাজিল। দেশের প্রতি সমর্থনে কোনও পরিবর্তন হবে না। কিন্তু ব্রাজিল শিরোপা জিততে না পারলে তিনি পর্তুগাল ও রোনাল্ডোর পাশে থাকবেন।

এদিকে ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করেছে কিছুটা হতাশাজনকভাবে। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রত্যাশিত ছন্দ দেখাতে পারেনি। সেই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে সেলেকাও।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0