জেলের খাবারে বড্ড তেল, তিহাড়ে বসে চিংড়ি-পাস্তার আবদার মার্কিন ‘ভাড়াটে’ সেনার!
ভারতে তথাকথিত ‘খ্রিস্টান রাষ্ট্র’ গঠনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তিহাড় জেলে বন্দি মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইক এবার নিজের পছন্দমতো খাবারের আবেদন জানালেন আদালতে। তাঁর অভিযোগ, জেলের খাবারে অতিরিক্ত তেল ও মশলা থাকায় তা খেতে পারছেন না। মানবিক কারণে খাদ্যতালিকায় বিশেষ ছাড় চেয়ে পাতিয়ালা হাউস কোর্টে আবেদন করেছেন তিনি।
গত ১২ মার্চ কলকাতার দমদম বিমানবন্দর থেকে ম্যাথুকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তদন্তকারী সংস্থার অভিযোগ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি পৃথক ‘খ্রিস্টান রাষ্ট্র’ গঠনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর থেকেই তিনি তিহাড় জেলে রয়েছেন।
আদালতে ম্যাথুর আইনজীবী দাবি করেন, ভারতীয় খাদ্যাভ্যাসের সঙ্গে তাঁর মক্কেল অভ্যস্ত নন। জেলের খাবারে অতিরিক্ত তেল-মশলা থাকায় গত ৬ মে থেকে তিনি অনশন করছেন বলেও দাবি করা হয়েছে। দীর্ঘদিন পর্যাপ্ত খাবার না খাওয়ার ফলে তাঁর ওজন প্রায় ১৪ কেজি কমেছে, দৃষ্টিশক্তি দুর্বল হয়েছে এবং শারীরিক শক্তিও হ্রাস পেয়েছে বলে আদালতকে জানানো হয়।
আবেদনে ম্যাথু নিজের খাবার নিজে রান্না করার অনুমতি চেয়েছেন। এর জন্য ইনডাকশন কুকার, চপার, বাটি-সহ রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম চাওয়া হয়েছে। পাশাপাশি ডাল, রেড মিট, চিকেন, চিংড়ি, পাস্তা, চাউমিন, আলু, পেঁয়াজ, মাখন এবং অলিভ অয়েল-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
ম্যাথুর এই আবেদনের প্রেক্ষিতে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে আদালত।
তদন্তকারী সংস্থার আরও অভিযোগ, ম্যাথু ও তাঁর সংগঠন উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল এবং কিছু সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার সঙ্গেও তাদের যোগ থাকতে পারে। জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে ম্যাথু-সহ সাতজন পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেন এবং অসম, মিজোরাম-সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে যাতায়াত করেন।
তবে ম্যাথুর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এখনও বিচারাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে অভিযুক্ত হিসেবেই গণ্য করা হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
