মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Jul 13, 2026 - 17:59
 0  0
মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের

মেট্রোয় যাতায়াতের সময় পাশের কোনও যাত্রীকে মোবাইলে জোরে গান শুনতে বা উচ্চস্বরে কথা বলতে দেখেছেন—এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এবার এই অভ্যাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে চেন্নাই মেট্রো। হেডফোন ছাড়া জোরে গান শোনা কিংবা মোবাইলে উচ্চস্বরে কথা বলে অন্য যাত্রীদের বিরক্ত করলে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।

চেন্নাই মেট্রো রেল লিমিটেড যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, মেট্রোর ভিতরে মোবাইলের স্পিকারে গান বা ভিডিও চালানো উচিত নয়। ফোনে কথাবার্তার সময়ও গলার স্বর নিচু রাখতে হবে। গান বা ভিডিও শোনার ক্ষেত্রে হেডফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গত ১৯ জুন নগরোন্নয়ন দপ্তরের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জন বিশ্বাস আইন, ২০২৬-এর ৫৯ নম্বর ধারায় সংশোধন আনা হয়। সেখানে বলা হয়েছে, মেট্রোর ভিতরে এমন কোনও আচরণ করা যাবে না, যাতে অন্য যাত্রীরা বিরক্ত বা অসুবিধার সম্মুখীন হন। এই ধরনের অপরাধে আগে ৫০০ টাকা জরিমানা ছিল। সংশোধনের পর তা বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

এর আগে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও চালায় চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের তাড়াহুড়ো করে ট্রেনে না ওঠা, আগে অন্যদের নামতে দেওয়া, দরজার সামনে ভিড় না করা এবং প্ল্যাটফর্মের হলুদ রেখা অতিক্রম না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি এসকেলেটর ব্যবহারের সময় সতর্ক থাকা এবং মেট্রোর ভিতরে গান শোনা বা ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই হেডফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। চেন্নাই মেট্রোর এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন বহু যাত্রী।

এখন কলকাতা মেট্রোতেও একই ধরনের নিয়ম চালু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0