ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর আপ্তসহায়ক, পেশাগত সম্পর্ক ছিন্ন করে কী জানালেন নায়িকা?

Jul 13, 2026 - 17:40
 0  0
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর আপ্তসহায়ক, পেশাগত সম্পর্ক ছিন্ন করে কী জানালেন নায়িকা?

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত অর্ঘ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার বিবৃতি দিয়ে অর্ঘের সঙ্গে সমস্ত পেশাগত সম্পর্ক ছিন্ন করার কথা জানান শ্রাবন্তী।

জানা গিয়েছে, অর্ঘ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। কর্মসূত্রেই অভিযোগকারিণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই মহিলার অভিযোগ, গত ১২ এপ্রিল একটি কাজের প্রয়োজনে তিনি চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

এরপর ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতে হাওড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়।

ঘটনা প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন, হাওড়ার ষষ্ঠীতলার বাসিন্দা অর্ঘ এতদিন তাঁর কাজ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সাল থেকে ‘তান্তেওয়ালা’ নামে একটি সংস্থা অভিনেত্রীর পেশাগত কাজ দেখাশোনা করছে এবং সেই সংস্থার মাধ্যমেই অর্ঘের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল।

শ্রাবন্তীর বক্তব্য, অর্ঘের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ার বিষয়টি জানতে পেরে তিনি অত্যন্ত অস্বস্তিতে পড়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন বা গতিবিধি সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী। ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়ে দিয়েছেন, অর্ঘের সঙ্গে আর কোনওভাবে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0