‘রাক্ষসী নয় বরং…’, নিন্দুকদের পালটা কী টিপস ‘দিদি নম্বর ওয়ান’ স্বস্তিকার?
এক যুগেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ওয়ান’ এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম কার্যত একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। এই নারীকেন্দ্রিক রিয়ালিটি শোয়ের মাধ্যমে অভিনেত্রীর পরিচয় ছাপিয়ে বাংলার ঘরে ঘরে প্রিয় ‘দিদি’ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন রচনা। ফলে অনুষ্ঠানের সঞ্চালক বদলের খবর সামনে আসতেই স্বস্তিকা মুখোপাধ্যায়কে ঘিরে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
অনেক দর্শক রচনার দীর্ঘদিনের সাফল্য ও জনপ্রিয়তার কথা তুলে ধরে স্বস্তিকার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সঞ্চালক বদলের সিদ্ধান্ত নিয়ে রচনাও একসময় জানিয়েছিলেন, এই অনুষ্ঠানের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত। নতুন পর্ব সম্প্রচার শুরু হওয়ার পর দর্শকদের একাংশ স্বস্তিকার সঞ্চালনায় সন্তুষ্ট হলেও অন্য একটি অংশ নিয়মিত তাঁকে কটাক্ষ করে চলেছে।
রচনার জায়গায় স্বস্তিকা ‘দিদি নম্বর ওয়ান’-এর দায়িত্ব নেওয়ার পর থেকেই সমাজমাধ্যমে তাঁর উদ্দেশে একাধিক কটূক্তি ও নেতিবাচক মন্তব্য ধেয়ে এসেছে। তবে এসব সমালোচনায় মোটেও ভেঙে পড়েননি অভিনেত্রী। বরং নিজের স্বভাবসিদ্ধ রসবোধ ও দৃঢ় মানসিকতার মাধ্যমে সমালোচকদের পালটা জবাব দিয়েছেন তিনি।
অনুষ্ঠানের আগামী পর্বের একটি প্রোমো শেয়ার করে স্বস্তিকা লেখেন, যাঁরা তাঁকে ‘রাক্ষসী’ বলে ডাকছেন, তাঁরা যেন এবার ‘শাঁকচুন্নি’ বলতে শুরু করেন। কারণ, ‘শাঁকচুন্নি’ শব্দটিই তাঁর বেশি পছন্দ। এখানেই থামেননি তিনি। মজার ছলে আরও লেখেন, ‘কদলীবালা শাঁকচুন্নি ছিল, তাই এই নামটাই আমাকে বেশি মানায়। এবারের দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা একজন শাঁকচুন্নি—বলে দেখুন, শুনতে আরও ভালো লাগছে।’
সমালোচনার মুখে স্বস্তিকার এই রসিক ও আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া ইতিমধ্যেই নেটদুনিয়ায় নতুন করে চর্চা তৈরি করেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
