বারুইপুরের ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ খুনে জারি ধরপাকড়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই গ্রেপ্তার আরও ৩

Jul 11, 2026 - 11:29
 0  0
বারুইপুরের ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ খুনে জারি ধরপাকড়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই গ্রেপ্তার আরও ৩

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার। পাশাপাশি, ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে হত্যার ঘটনার তদন্তেও সক্রিয় প্রশাসন। ওই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে অভিযুক্তদের পাকড়াও করা হয়। এর ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮।

এদিকে শনিবার বারুইপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুর হাটের কাছে একটি চারতলা ভাড়াবাড়িতে তৈরি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। ফাঁড়িটির দোতলায় আউটপোস্ট ইনচার্জের কক্ষ এবং অভিযোগ জানানোর জন্য পৃথক ঘরের ব্যবস্থা রাখা হয়েছে। নিয়মিত দায়িত্বে থাকবেন মহিলা পুলিশ আধিকারিকও। পাশাপাশি লকআপ এবং তিনতলায় রিজার্ভ ফোর্সের থাকার জন্য বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে।

গত মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে বৈঠকের পর নির্যাতিতা নাবালিকার পরিবারের প্রস্তাব মেনে সূর্যপুরে পুলিশ ফাঁড়ি তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার মাত্র চার দিনের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন ফাঁড়ির কাজ শেষ করেছে প্রশাসন।

সফরকালে নির্যাতিতার পরিবারের পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তাও দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

মুখ্যমন্ত্রীর সফরের আগে শুক্রবার নির্যাতিতা এবং ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি পরিদর্শন করেন আইজি, প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্করপ্রসাদ বারুই। প্রশাসনের উদ্যোগে ইন্দ্রজিতের বাড়িতে রাজমিস্ত্রি নামিয়ে মেরামতির কাজও করা হয়েছে। বাড়ির আশপাশে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। বারুইপুর থানা থেকে ওই ক্যামেরার মাধ্যমে গোটা এলাকার উপর নজরদারি চালানো হবে।

এছাড়াও বারুইপুরের ফুলতলায় খুন হওয়া কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে ডাকা হয়েছে। সেখানেই তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0