রাজের স্মৃতিচারণায় অঝোরে কান্না, স্বামীর মৃত্যুশোক সামলাতে কী করেছিলেন মন্দিরা?
১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র নির্মাতা রাজ কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী ও সঞ্চালিকা মন্দিরা বেদী। দু’দশকেরও বেশি সময়ের সুখী দাম্পত্য আচমকাই থমকে যায় ২০২১ সালে। মাত্র ৫০ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ। স্বামীকে হারানোর পাঁচ বছর পরও তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে আবেগ সামলাতে পারেন না মন্দিরা।
সম্প্রতি আসন্ন ছবি ‘ম্যাক্স মিন অ্যান্ড মেয়োজাকি’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে রাজ কৌশলের প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কথা বলতে গিয়ে বারবার গলা ধরে আসছিল। চোখের জল মুছে নিজেকে সামলে ফের হাসিমুখে কথা বলার চেষ্টা করেন অভিনেত্রী। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজকে ছাড়া জীবন কাটানো কতটা যন্ত্রণাদায়ক ছিল এবং স্বামীর মৃত্যুশোক সামলে স্বাভাবিক জীবনে ফেরার পথ কতটা কঠিন ছিল, সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন মন্দিরা। তিনি জানান, মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে থেরাপি ও কাউন্সেলিং তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মন্দিরার কথায়, থেরাপি, কাউন্সেলিং এবং নিজের মানসিক অবস্থাকে ভালোভাবে বোঝার চেষ্টা বহু বছর ধরেই তাঁর জীবনের অংশ। প্রায় ২০ বছর আগে প্রথমবার তিনি থেরাপির সাহায্য নিয়েছিলেন। বিষয়টি মাকে জানালে তিনি জানতে চেয়েছিলেন, কী সমস্যা হয়েছে। মন্দিরা তখন জানিয়েছিলেন, মনের মধ্যে জমে থাকা অনুভূতিগুলি প্রকাশ করার প্রয়োজন ছিল। মা তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ দিলেও মন্দিরার মনে হয়েছিল, সেই মুহূর্তে পেশাদার সহায়তাই তাঁর প্রয়োজন।
জীবনের বিভিন্ন সময়ে যখনই নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বা ভারসাম্যহীন মনে হয়েছে, তখনই তিনি কোনও থেরাপিস্ট কিংবা কাউন্সেলরের দ্বারস্থ হয়েছেন। এই সিদ্ধান্ত তাঁকে বারবার উপকৃত করেছে বলেও জানান মন্দিরা। বিশেষ করে স্বামীকে হারানোর পর শোক কাটিয়ে সুস্থ জীবনে ফেরার ক্ষেত্রে থেরাপিই তাঁর সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছিল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
