৩০ দিন হেফাজতে থাকলেই অপসারণ! ‘দাগি’ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিলে সায় নেই যৌথ সংসদীয় কমিটির
ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও মন্ত্রী টানা ৩০ দিন হেফাজতে থাকলে তাঁকে পদ থেকে সরানোর প্রস্তাব দিয়ে একটি বিল এনেছিল কেন্দ্র। সেই বিল পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি এবার তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে। তবে মন্ত্রীদের সরাসরি অপসারণের প্রস্তাবে সম্মতি দেয়নি কমিটি। পরিবর্তে তাঁদের সাময়িকভাবে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, কোনও মন্ত্রী সাসপেন্ড হওয়ার পর আদালতে বেকসুর খালাস পেলে তাঁর সাসপেনশন প্রত্যাহারের ব্যবস্থাও রাখার প্রস্তাব দিয়েছে জেপিসি। আগামী সপ্তাহেই কমিটির রিপোর্ট সংসদে জমা পড়তে পারে।
রিপোর্টে বিলের ‘অপসারণ’ শব্দটির বদলে ‘সাসপেনশন’ শব্দ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, কোন অপরাধকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে বিবেচনা করা হবে, তার সংজ্ঞাও নির্ধারণ করেছে কমিটি। জেপিসির মতে, যে অপরাধে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডের বিধান রয়েছে, সেগুলিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা উচিত। এই ধরনের অপরাধের একটি পৃথক তালিকা তৈরির কথাও বলা হয়েছে।
এছাড়াও, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত গঠনের সুপারিশ করেছে জেপিসি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
